সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সাতক্ষীরা সীমান্তে আজ শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি রাখাল নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চারজন বাংলাদেশি। জেলার সদর উপজেলার বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের বসিরহাট মহকুমার জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম রহমত আলী (৩৫)। তাঁর বাড়ি সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের কাজীপাড়ায়। আহতরা হলেন একই উপজেলার ঘোনা গ্রামের বাবলু হোসেন (৩৬), বৈকারি গ্রামের শাহিন সরদার (৩২), বাঁশদাহ গ্রামের আবু সাঈদ (২২) এবং শিয়ালডাঙ্গা গ্রামের মকবুল হোসেন। সাতক্ষীরা ৪১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভোমরা কোম্পানি ক্যাম্পের পক্ষ থেকে এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আজ সকাল ১০টার দিকে ভারতের জয়নগর বিএসএফ ক্যাম্পে পাঠানো এক চিঠিতে আহ্বান জানানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা জানান, বৈকারি সীমান্ত দিয়ে হতাহতেরাসহ ১৫-২০ জনের একদল রাখাল গতকাল শুক্রবার অবৈধভাবে ভারতে যায়। আজ ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বৈকারি সীমান্তের বিপরীতে প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের জয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে রহমত আলী ঘটনাস্থলে নিহত হন। পরে অন্য সদস্যরা রহমতের লাশ নিয়ে এসে বৈকারি সীমান্তের পানি উন্নয়ন বোর্ডের বাঁধের পাশে রেখে দেন।সাতক্ষীরা ভোমরা বিজিবি কোম্পানি ক্যাম্পের নায়েক সুবেদার মুনসুর হেলাল একজন বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পতাকা বৈঠকের জন্য ভারতের জয়নগর বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে। তবে আহতদের ব্যাপারে মুনসুর হেলাল নিশ্চিত করতে পারেননি।