বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের ১০৫ জন জওয়ানের দ্বিতীয় দফায় বিচারকাজ আজ রোববার শুরু হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৪১ সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১২-তে সকাল ১০টায় বিচারকাজ শুরু হয়।আজ দোষীদের আত্মপক্ষ সমর্থন ও অভিযোগ গঠনের শুনানি হচ্ছে। বিচারকাজ শুরুর আগে আসামিদের সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিশেষ আদালতে নিয়ে আসা হয়।আদালতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আযম খান। বিচারক প্যানেলের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার, বিজিবির খুলনা সেক্টরের উপ-অধিনায়ক লে. কর্নেল খালিদ হোসেন ও লে. কমান্ডার তৌহিদুল ইসলাম।বিজিবির সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েত করিম জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানরা। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর আবদুস সাত্তার বাদী হয়ে ওই ব্যাটালিয়নে বিদ্রোহের অভিযোগে ১০৫ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। ২০১০ সালের ২৩ অক্টোবর সাতক্ষীরার বিশেষ আদালত-১২-তে অভিযোগ উত্থাপন করা হয়। বিশেষ আদালত ১০৫ জনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। গত বছরের ২৪ আগস্ট ১০৫ জন আসামির পরিচয় নিয়ে প্রথম পর্যায়ের বিচার কার্যক্রম শেষ হয়।