সাতক্ষীরায় চলছে জামায়াতের অর্ধদিবস হরতাল
ধাওয়া-পাল্টাধাওয়া ও যানবাহনে অগ্নিসংযোগের মধ্য দিয়ে আজ রোববার সাতক্ষীরায় জামায়াতের অর্ধদিবস হরতাল চলছে। হরতালকারীরা শহরের বাঁকাল এলাকায় পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এবং একটি মহেন্দ্র (ডিজেলচালিত তিন চাকার গাড়ি) ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে বাঁকাল এলাকায় পিকেটিং করার সময় হরতালকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। হরতালকারীরা সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ও সাতক্ষীরা-যশোর সড়কের অন্নের মোড় এলাকায়ও পিকেটিং করে। পরে নয়টার দিকে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। হরতালকারীরা সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের সখীপুর এলাকার একাধিক স্থানে মাটির ঢিবি বানিয়ে অবরোধ সৃষ্টি করে রেখেছে। জেলার সব কটি সড়কে যান চলাচল বন্ধ। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ। নাশকতা এড়াতে ভোর থেকে শহরে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাইনুল হক, সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম, নায়েবে আমির রবিউল বাশার, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান, সদস্য জামশেদ আলমসহ দলের স্থানীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতালের ডাক দেয় দলটি। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ রায়ের পরপরই সাতক্ষীরায় বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় করা বেশ কয়েকটি মামলায় ওই নেতাদের গ্রেপ্তার করা হয়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ আজকের হরতালে পুলিশের একটি মোটরসাইকেল পোড়ানো ও একটি মহেন্দ্র ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন।