সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার
পুলিশ সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিবের ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী ষড়ন্ত্রের অভিযোগ এনে আলাদা দুটি মামলা করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন জামায়াতের রোকন সাতক্ষীরা সদর উপজেলার আগড়দাঁড়ি গ্রামের কারি আকরামুজ্জামান, একই গ্রামের শিবিরের কর্মী নাঈম সিদ্দিকী, কালিয়ানি গ্রামের জামায়াত সমর্থক সাব্বির হোসেন, বৈকারি গ্রামের হাসানুজ্জামান, ছয়ঘরিয়া গ্রামের ইসরাফিল সরদার ও আবদুর রহমান। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর জানান, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মো. আসাদুজ্জামান বাদী হয়ে গত ৮ এপ্রিল ১৫ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার এই ছয়জন ওই মামলার পলাতক আসামি।