সাতক্ষীরায় জামায়াতের সঙ্গে সংঘর্ষে পুলিশ গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের বিনেরপাতা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আনিসুর রহমান নামের (৪৮) পুলিশের একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে বিনেরপাতা এলাকায় বিসিক শিল্প নগরীর সামনের সড়কে গর্ত খুঁড়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থকেরা। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জামায়াত-শিবিরের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের এ সংঘর্ষে সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম (৪৫) ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান (৪২) আহত হন। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে হরতালকারীরা দাবি করেন, সংঘর্ষে তাঁদের ১৫ জন কর্মী আহত হয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ প্রথম আলো ডটকমকে জানান, পুলিশের একজন সদস্য গুলিবিদ্ধসহ মোট তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের কোনো কর্মী আহত হয়েছে কি না, এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।