সাতক্ষীরায় পিকআপ ভ্যান উল্টে গিয়ে দুজন নিহত
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে আজ শনিবার সকালে একটি পিকআপ ভ্যান উল্টে রাস্তার পাশে পড়ে গিয়ে দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ছয়জন। নিহতেরা হলেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পানিঘাট গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে দেবু বিশ্বাস (২৪) ও একই গ্রামের সদানন্দ বিশ্বাসের ছেলে সনাতন বিশ্বাস (২২)।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ছয়টার দিকে মাগুরা থেকে সাতক্ষীরা আসার পথে কলারোয়া উপজেলার ইলিশপুর এলাকায় পিকআপ ভ্যানটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনস্থলে দেবু ও সনাতন মারা যান। আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই পিকআপ ভ্যানের যাত্রী। তাঁরা মাছ কেনার জন্য মাগুরা থেকে সাতক্ষীরায় আসছিল। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, নিহতদের লাশ উদ্ধার করে কলারোয়া থানায় আনা হয়েছে।