সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহ: সর্বোচ্চ সাজা ২৪ জনের, খালাস ৪
সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের দায়ে ২৪ জন বিডিআর জওয়ানকে সর্বোচ্চ সাত বছর করে কারাদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আর বাকি ৩২ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বিদ্রোহের অভিযোগে ৬০ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে করা মামলার রায়ে আজ সোমবার এসব সাজা দেওয়া হয়। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালত-১-এর সভাপতি বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম রায় ঘোষণা করেন। আদালতের বাকি সদস্য হিসেবে ছিলেন লে. কর্নেল কাজী মো. খালিদ হোসেন, মেজর লুত্ফুল করিম এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খসরুজ্জামান। আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন, সাক্ষ্য গ্রহণ ও যুক্তি-তর্ক উপস্থাপন শেষে গত ২৩ মার্চ আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। রায় ঘোষণা উপলক্ষে আদালতের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সকালেই আসামিদের পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়। বিডিআর সূত্রে জানা গেছে, বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গত ৭ ও ৮ ডিসেম্বর ৬০ জন জওয়ানের বিরুদ্ধে প্রথম পর্যায়ে বিচার শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে গত ১৮ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অভিযোগ গঠন এবং মামলার বাদীসহ ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ২০ জানুয়ারি ১৬ জন বিডিআর জওয়ান তাঁদের দোষ স্বীকার করেন। ২১ মার্চ আরও ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে এ পর্ব শেষ করা হয়। ২২ জানুয়ারি আত্মপক্ষ সমর্থন ও জেরা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাতক্ষীরার ৭ ও ৪১ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানেরা। এ অভিযোগে ৭ রাইফেল ব্যাটালিয়নের ৬০ জন জওয়ানের বিরুদ্ধে গত ৭ ডিসেম্বর থেকে বিচার শুরু হয়।