সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৪০
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাতপুরে এক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৪৮) ও পাগলি রানী ঘোষ (৫৫) নামের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছে বলেও জানা গেছে।আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ভাড়াশিমুলিয়া গ্রামের বাসিন্দা এবং পাগলি রানী ঘোষ একই উপজেলার দক্ষিণ নারায়ণপুর গ্রামের সুধান্য ঘোষের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কালীগঞ্জ বাস টার্মিনাল থেকে একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। বাসটি কালীগঞ্জ উপজেলার সাতপুর নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা মোহাম্মদ আলীকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় প্রায় ৪০ জন বাস যাত্রী আহত হয়। আহতদের সবাইকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাসযাত্রী পাগলি রানী ঘোষকে মৃত ঘোষণা করেন।কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আকসেদুর রহমান জানান, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনজনের অবস্থা এখনো খুবই আশঙ্কাজনক।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।