সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আবুল হোসেন খানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো এক আদেশে তাঁকে বদলি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত চিঠিতে তাঁকে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে। সাতক্ষীরায় শিশু অর্ণব হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামিকে আইন-বহির্ভূতভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে আবুল হোসেন খানের বিরুদ্ধে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, চাকরির স্বাভাবিক নিয়মে তাঁকে বদলি করা হয়েছে।আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় শিশু অর্ণব হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোদাড়া গ্রামের খলিলুর রহমান এবং চাম্পাফুল গ্রামের গোলাম ফারুখসহ ছয় আসামি হাইকোর্ট থেকে ২০১০ সালের ২৪ আগস্ট মুক্তি পান। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ৩১ আগস্ট আপিল করলে চেম্বার জজ রায় ছয় সপ্তাহ স্থগিত আদেশ দিয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামিকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন। ৫ অক্টোবর স্থাগিতাদেশ এ বিষয়ে শুনানি না হওয়া পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু আইন-বহির্ভূতভাবে গত ১০ জানুয়ারি সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আবুল হোসেন খান মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি খলিল ও গোলাম ফারুখকে মুক্তি দেওয়ার আদেশ দেন। তাঁদেরকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।অর্ণব হত্যা মামলার বাদী নিশান কুমার দাস এ বিষয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৩০ জানুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বিকাশ কুমার সাহা বিষয়টি তদন্ত করার জন্য মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেন। অভিযোগের ভিত্তিতে ৩ এপ্রিল আবুল হোসেন খানের বিরুদ্ধে তদন্ত হওয়ার কথা রয়েছে।এ ব্যাপারে আবুল হোসেন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চাকরির স্বাভাবিক নিয়মে তাঁকে বদলি করা হয়েছে। তিনি সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফউদ্দিন আজাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। এ বদলির সঙ্গে অর্ণব হত্যাকাণ্ডের বিষয়টি সম্পর্কিত নয় বলে তিনি দাবি করেন। প্রসঙ্গত, আবুল হোসেন খানের স্থলে আগামী রোববার মন্ত্রণালয়ে কর্মরত ওবায়দুস সোহবান যোগদান করবেন।