সাতক্ষীরার দেবহাটায় ভূমিহীন যাচাই বাছাই সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে যাচাই-বাছাই কমিটি খাসজমি বন্দোবস্ত দেওয়ার জন্য উপজেলার চারটি গ্রামে বসবাসরত ৩৮৫ জন ভূমিহীনকে চূড়ান্ত করেছে। দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা কালাচাঁদ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রণব কুমার রায় প্রধান ও লুত্ফর রহমান বিশেষ অতিথি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন যাচাই-বাছাই কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা জি এম এ গফুর, মোহাম্মাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, রেজাউল করিম, আবদুল ওহাব, মহিউদ্দীন, ওহাব আলী, প্রাণবল্লভ, গোলাম হোসেন, আজগার আলী, মুজিবর রহমান প্রমুখ। কমিটি নওয়াপাড়া ইউনিয়নের কাটমহল গ্রামে ৫৬ জন, কালাবাড়িয়া গ্রামে ১৫৪ জন, কামিনিবসু গ্রামে ৫৩ জন এবং ঢেপুখালী গ্রামে ১২২ জনকে চূড়ান্ত করে। অতিরিক্ত জেলা প্রশাসক প্রণব কুমার রায় বলেন, ‘প্রকৃত ভূমিহীনদের মধ্যে পর্যায়ক্রমে খাসজমি স্থায়ী বন্দোবস্ত দেওয়া হবে। দেবহাটাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপনারা সবাই ভূমিহীনদের সঠিক তালিকা ও কার্যক্রম উপস্থাপন করুন।’