সাতক্ষীরার ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গতকাল শনিবার সকাল ১০টা থেকে আজ রোববার বিকেল পর্যন্ত কোনো আমদানি-রপ্তানি হয়নি। ভারত থেকে আমদানীকৃত পণ্যবাহী ট্রাকের চালকদের কাছ থেকে একটি শ্রমিক ফেডারেশনের নামে অতিরিক্ত টাকা দাবির প্রতিবাদে এ অবস্থা সৃষ্টি হয়েছে। ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় ভারতের ঘোজাডাঙায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিমল কুমার রায় জানান, গত ২৫ ফেব্রুয়ারি ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, পণ্য আমদানিকারী ভারতীয় ট্রাকচালকদের কাছ থেকে ভোমরা শ্রমিককল্যাণ ফেডারেশনের নামে গাড়িপ্রতি ৫০ টাকা আদায় করা হবে। এরপর ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ কর্তৃপক্ষ ২৮ ফেব্রুয়ারি এক জরুরি সভা করে। সভায় ভারতীয় ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদের পাশাপাশি চাঁদা আদায় অব্যাহত থাকলে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী অতিরিক্ত চাঁদা প্রত্যাহার-সংক্রান্ত একটি চিঠি ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়।পরিমল কুমার রায় আরও জানান, গতকাল শনিবার বিকেলে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি চিঠি দিয়ে জানানো হয় যে আপাতত চাঁদা আদায় বন্ধ নয়, স্থায়ীভাবে চাঁদা আদায় করা হবে না মর্মে চিঠি না দিলে তারা আমদানি-রপ্তানি চালু করবে না।সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার জানান, বিষয়টি নিরসনের জন্য দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা এক জায়গায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। ভোমরা বন্দরের কাস্টমস সুপার মঞ্জুরুল হক জানান, বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।