সাতক্ষীরার হামলায় জামায়াতের সম্পৃক্ততা ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপরে হামলার ঘটনা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। কালীগঞ্জ উপজেলার ফতেহপুর ও চাকদহ গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলার আগে লুটপাট হয়েছে। নববধূর পরিধেয় গহনা লুণ্ঠন হয়েছে। নারীর সম্ভ্রমহানির অপচেষ্টা হয়েছে। আর এই ঘটনায় জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।আজ মঙ্গলবার রাজধানীর আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে দেশের কয়েকটি বাম সংগঠনের নেতারা এই অভিযোগ করেছেন। ৯ এপ্রিল কয়েকটি বাম-প্রগতিশীল দলের নেতারা সাম্প্রদায়িক হামলার স্থান সরেজমিন পরিদর্শন করে এসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। গত ৩০ ও ৩১ মার্চ ও ১ এপ্রিল সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার জন্য তাঁরা জামায়াতপন্থী পত্রিকা দৃষ্টিপাতের সম্পাদককে উসকানিদাতা হিসেবে চিহ্নিত করেছেন।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ফতেহপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতা রানী, কথিত অভিযোগের সঙ্গে যার কোনো সম্পৃক্ততা নেই, তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এমনকি তাঁর প্রতিবন্ধী ছেলেকে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে মারতে চেয়েছে দুর্বৃত্তরা। জামায়াত পরিচালিত পত্রিকা দৃষ্টিপাত উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করে সাম্প্রদায়িকতা ছড়িয়েছে।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জননেতা পঙ্কজ ভট্টাচার্য। লিখিত বক্তব্য পাঠ করেন বজলুর রশীদ ফিরোজ, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিপিবি নেতা হায়দার আকবর খান রনো, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক ও নুরুর রহমান সেলিম। সংবাদ সম্মেলনে বাম-গণতান্ত্রিক দলগুলোর নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নুরুল হাসান, শুভ্রাংশু চক্রবর্তী, ধিরেন সিং, অসিত বরণ বিশ্বাস, আবুল হোসাইন প্রমুখ।সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এই বর্বর ঘটনা ঘটলেও তারা নীরব থেকে পরিস্থিতি উসকে দিয়েছে। ঐতিহ্যবাহী ‘ফতেহপুর সাংস্কৃতিক পরিষদ’-এর ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। সাংস্কৃতিক পরিষদের ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাম্প্রদায়িক শক্তির পূর্বপরিকল্পিত। জামায়াতের সাতক্ষীরা জেলার সাবেক আমির প্রত্যক্ষভাবে এ ঘটনার পরিকল্পনা ও নেতৃত্ব দিয়েছেন।নেতারা আরও অভিযোগ করেন, সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত জামায়াতের নেতা সাতক্ষীরা জেলার সাবেক আমির মুহাদ্দিস আবদুল খালেক ঘটনাস্থলে দু-দুবার গিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা করেছেন। এর সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তাঁকে আসামি না করে মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে তাঁকে মামলার আসামিভুক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।