সাতক্ষীরার ৮ থানার ওসি রদবদল
সাতক্ষীরার আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল করা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে সামনে রেখে এ রদবদল করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান খানের এক আদেশে গতকাল বৃহস্পতিবার রাতে এ রদবদল করা হয়। আজ শুক্রবার তাঁরা নতুন কর্মস্থলে যোগদান করবেন। সাতক্ষীরা পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরার সদর থানার ওসি মো. শাহজাহান আলীকে দেবহাটা থানায়, কলারোয়া থানার ওসি সুভাষ মাঝিকে শ্যামনগর থানায়, কালীগঞ্জ থানার ওসি সৈয়দ ফরিদ উদ্দীনকে আশাশুনি থানায়, দেবহাটা থানার ওসি মশিউর রহমানকে কালীগঞ্জ থানায়, পাটকেলঘাটা থানার ওসি মো. হেলাল উদ্দীনকে তালা থানায়, আশাশুনি থানার ওসি ফজলুর রহমানকে সাতক্ষীরা সদর থানায়, তালা থানার ওসি এ বি ছিদ্দিককে কলারোয়া থানায় এবং শ্যামনগর থানার ওসি নাজমুল ইসলামকে পাটকেলঘাটা থানায় বদলি করা হয়েছে।সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান খান ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রদবদলের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন নির্বাচনী এলাকার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তজেলায় রদবদলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে চিঠি দেয়। নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর উল্লিখিত ওসিদের জেলার ভেতর রদবদল করা হয়। প্রসঙ্গত, সাতক্ষীরার আটটি থানার ইউপি নির্বাচন ২৯ মার্চ শুরু হয়ে ৩ এপ্রিল শেষ হবে। এরপর ৬ এপ্রিল রদবদল হওয়া ওসিরা আগের কর্মস্থলে ফিরে আসবেন।