সাতক্ষীরায় অস্ত্র উদ্ধারে গিয়ে তিন ঘণ্টা অবরুদ্ধ র্যাব দল
সাতক্ষীরায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে তিন ঘণ্টা অবরুদ্ধ ছিল র্যাব-৬-এর একটি দল। পরে র্যাবের সদস্যদের জনরোষ থেকে উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে সাতক্ষীরা সদর উপজেলার নাথুয়ারডাঙ্গা গ্রামের একটি বাড়িতে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক সফিকুল ইসলামের দাবি, গতকাল রাত সাড়ে ১২টার দিকে একদল র্যাব সদস্য তাঁর বাড়ি ঘেরাও করেন। র্যাবের সদস্যরা ঘরের বারান্দায় তিনটি অস্ত্রভর্তি একটি কাপড়ের ব্যাগ রাখেন। রাত দুইটার দিকে দরজা ভেঙে র্যাব সদস্যরা ঘরে ঢুকে ওই অস্ত্র উদ্ধার করেছেন দাবি করে তাঁকে আটক করেন। এ সময় তাঁর দুই ভাই এর প্রতিবাদ করলে তাঁদের মারধর করা হয়। একপর্যায়ে রাত দুইটার দিকে কয়েক শ গ্রামবাসী এসে র্যাবের গাড়ি ঘেরাও করে।পুলিশ জানায়, র্যাবের মেজর মো. কামরুজ্জামানকে একটি ঘরে আটক করে রাখা হয়। এভাবে তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আজ শনিবার ভোর পাঁচটার দিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম হাসেম খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মেজর মো. কামরুজ্জামানসহ র্যাবের অন্য সদস্যদের উদ্ধার করেন। মেজর মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা ওই বাড়িতে অভিযানে গিয়েছিলেন। ওই বাড়িতে র্যাব সদস্যরা অস্ত্র রেখেছেন বলে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন তিনি। তবে অন্য কেউ ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র রেখেছে কি না তা তদন্ত করে দেখা হবে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হাসেম খান ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।