সাতক্ষীরায় আ.লীগ নেতার বাড়িতে র‌্যাবের অভিযান বিষয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার বাড়িতে অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জেলার সদর উপজেলার নতুয়াডাঙা গ্রামে আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের বাড়িতে চালানো অভিযানের ব্যাপারে হাইকোর্ট এ রুল জারি করেন। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন এ আদেশ দেন।ওই ঘটনার সময় উপস্থিত সব র্যাব সদস্যের নাম-ঠিকানা আদালতে দাখিলের জন্য র্যাবের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অভিযানে অংশ নেওয়া মেজর কামরুজ্জামান ও ডিএডি দেলোয়ারকে ৮ জুন আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। নতুয়াডাঙা গ্রামে ওই ঘটনার ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছেন। আর নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া তদন্ত কমিটি গঠন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে স্বরাষ্ট্র সচিবকে বলা হয়েছে। প্রসঙ্গত, নতুয়াডাঙা গ্রামের শফিকুলকে সাজানো অস্ত্র মামলায় গ্রেপ্তারের চেষ্টা এবং র্যাব জনগণকে অবরোধ করতে চেয়েছে—এমন অভিযোগ এনে গত ২৩ মে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি দেখে আজ জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এবং সোসাইটি অব জাস্টিজের পক্ষে রিটটি করা হয়।