সাতক্ষীরায় আটক ১৪ পরীক্ষার্থীর মুক্তি, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্বাচনী পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্রসহ আটক ১৪ জন পরীক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে জরিমানা আদায় করে গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানা থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।এ ঘটনায় গতকাল সাতক্ষীরার কামাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমকে আসামি করে মামলা করা হয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার বাদী হয়ে মামলাটি করেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান জানান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল হকের নেতৃত্বে পুলিশ সাতক্ষীরা শহরের আইনজীবী আলাউদ্দিন আহমেদের বাড়িতে শুক্রবার সকালে অভিযান চালায়। এ সময় ভুয়া প্রশ্নপত্রসহ ১৪ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। আইনজীবী আলাউদ্দিন আহমেদের স্ত্রী হোসনে আরা বেগমের কাছে পরীক্ষার্থীরা এসেছিল বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, ওই বাড়ি থেকে টাকার বিনিময়ে পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আদলে হাতে লেখা ১৪টি প্রশ্নপত্র ও চারটি খাতা। তবে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ওই প্রশ্নপত্রের কোনো মিল না থাকায় জরিমানা আদায় করে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। হোসনে আরা বেগম দাবি করেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী এবং সদর উপজেলার মুকুন্দপুর গ্রামের ইকবাল হোসেন তাঁর বাড়িতে ভাড়া থাকেন। তাঁর অনুরোধে ওই ১৪ জনকে তাঁর বাসায় ঢুকতে দিয়েছিলেন। এর সঙ্গে প্রশ্নপত্র সরবরাহ করা বা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই।