সাতক্ষীরায় ইছামতির চরে দুই বাংলার মিলন মেলা
বিজয়া দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জন উপলক্ষে আজ বৃহস্পতিবার সীমানার গণ্ডি ভুলে গিয়ে কয়েক ঘণ্টার জন্য মেলা বসছে সীমান্ত নদী ইছামতির চরে। প্রতিবছর জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মেলাটি পরিণত হয় দুই বাংলার মানুষের মিলন মেলায়। সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতি নদীর দুই তীরে ১০ কিলোমিটার জুড়ে এই মেলা বসে। এতে অংশ নেয় দুই বাংলার লাখো মানুষ।আজ সকাল নয়টা থেকে মিলন মেলার এ প্রক্রিয়া শুরু হলেও মেলা মূলত শুরু হবে বেলা দুইটা থেকে। চলবে রাত ১০টা পর্যন্ত। সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে আজাহার মাহমুদ, প্রজ্ঞা ও জয় নামের তিন শিশু প্রতিনিধি আমন্ত্রণপত্র পৌঁছে দেয় ভারতের টাকি পৌর মেয়র সোমনাথ ব্যানার্জির কাছে। তিনি আমন্ত্রণপত্র গ্রহণ করে বাংলাদেশ প্রতিনিধিদলকে জানান, প্রতিবছরের মতো সবাই মিলে এবারও আনন্দ করব। নদীর মাঝখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। বসবে আড্ডাও।সাতক্ষীরার দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান আলী খান জানান, মিলন মেলার প্রক্রিয়া সকাল থেকে শুরু হলেও মেলা মূলত শুরু হবে ///বেলা দুইটা থেকে। ইতিমধ্যে বাংলাদেশ অংশে মঞ্চ তৈরি করা হয়েছে অতিথিদের জন্য। সব প্রস্তুতিও শেষ। সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জনপ্রতিনিধিরা মেলায় অংশ নেবেন। তিনি আরও জানান, নদীতে বাংলাদেশের জল সীমানা টহলে থাকবে বিডিআর, পুলিশ ও আনসার সদস্যরা। ভারতের পাশে টহলে ছিল পুলিশ ও বিএসএফ সদস্যরা। সন্ধ্যা থেকে শুরু হবে দুই দেশের উভয় পাশে চোখ ধাঁধানো আলোকসজ্জা।দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান স ম গোলাম মোস্তাফা জানান, এ মিলন মেলা যুগযুগ ধরে চলে আসছে। মেলায় লাখো মানুষের সমাগম ঘটে। এটি বাঙালি সাংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে।