সাতক্ষীরায় উত্ত্যক্তকারীকে এক মাসের কারাদণ্ড
সাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ইকবাল হোসেন (২২) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার দুপুর একটার দিকে সাতক্ষীরার ভ্রাম্যমাণ আদালতের বিচারক বেগম মাশরুবা ফেরদৌস এ সাজা দেন। সাজাপ্রাপ্ত ইকবাল হোসেন সাতক্ষীরার সদর উপজেলার দক্ষিণ চুপড়িয়া গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা সদর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম জানান, বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে একই গ্রামের ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ ও তাঁকে জানায়। ছাত্রীর বাবা বিষয়টি ছেলের বাবাকে জানালেও তিনি ছেলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি।দুই দিন আগে ইকবাল ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গ্রামবাসী ইকবালকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজ ভ্রাম্যমাণ আদালত ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করার একপর্যায়ে আটক হওয়া ইকবাল তাঁর দোষ স্বীকার করেন। এতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ওই সাজা দেন। সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রতন শেখ ঘটনা নিশ্চিত করে বলেন, ‘ইকবালকে আজ বিকেল তিনটার দিকে কারাগারে পাঠানো হয়েছে।’