সাতক্ষীরায় কাবিখা কর্মসূচির কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) বেশির ভাগ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলায় ৫৭টি প্রকল্প গ্রহণ করা হয়। এর বিপরীতে ৫৭০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে প্রতি টন চালের দাম ২৮ থেকে ৩০ হাজার টাকা। অথচ কাবিখা প্রকল্পের এই চাল প্রতি টন ২২ থেকে ২৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি ঘনমিটার মাটি কাটার জন্য শ্রমিকদের দুই কেজি ৪৮৯ গ্রাম করে চাল দেওয়ার কথা।সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ভাংড়া খাল পুনঃখননের জন্য ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, খালের মাটি কাটা হয়েছে নামমাত্র। খালের দুই পাশ (ধার) চেঁছে পাড় তৈরি করা হয়েছে। ৪ এপ্রিল উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম শওকাত হোসেন বলেন, ‘ভাংড়া খাল পুনঃখননে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ১৫ মট্রিক টন চালের মধ্যে পাঁচ মেট্রিক টন চালের কাজও করা হয়নি। এ প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আবদুল মান্নান নামমাত্র কাজ করে বাকি চাল আত্মসাত্ করেছেন। এ ছাড়া শ্রমিকদের চালের পরিবর্তে টাকা দেওয়া হয়েছে। প্রকল্প পরিচিতি বোর্ডও টাঙানো হয়নি।’ সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়নে চারটি প্রকল্প বাবদ ২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বেলেরডাঙ্গা থেকে শিবনগর পর্যন্ত একটি কাঁচা রাস্তায় মাটি দেওয়ার জন্য বরাদ্দ করা হয় ১০ মেট্রিক টন চাল। এ রাস্তায় নামমাত্র মাটি দিয়ে প্রকল্প শেষ করা হয়েছে। প্রকল্পের সভাপতি বল্লি ইউপির চেয়ারম্যান আবদুর রহমান প্রকল্পের চাল আত্মসাত্ করেছেন। তবে প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘নিময়মাফিক কাজ করা হয়েছে।’একই অবস্থা বল্লি ইউনিয়নের রায়পুর গ্রামের তাহেরের মেশিন থেকে সমনডাঙ্গা পর্যন্ত মাটির রাস্তা প্রকল্পের। এই প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মো. মনিরুজ্জামান। হাজিপুর নদীর পাড়ের বেড়ি মেরামত প্রকল্পের সভাপতি ইউপি সদস্য রবিউল ইসলাম। ঘরচালা গ্রামের মাটির রাস্তার প্রকল্পের সভাপতি সাজ্জাত হোসেন। এই তিনটি প্রকল্পের জন্য ছয় মেট্রিক টন করে ১৮ মেট্রিক টন চাল চাল বরাদ্দ করা হয়। এসব প্রকল্পের ৫০ শতাংশ চালের কাজও করা হয়নি। মাটিকাটা শ্রমিক কুরবান আলী, মকবুল আলী ও আবদুর রউফ জানান, তাঁদের প্রতিদিন ১২০ টাকা করে মজুরি দেওয়া হয়। তবে প্রকল্পের সভাপতিরা জানান, নিয়মমাফিক কাজ করার চেষ্টা করা হয়েছে। অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি। একই ধরনের অভিযোগ উঠেছে বাঁশদাহ ইউনিয়নে। এ ইউনিয়নে চারটি প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয় ২৮ মেচ্রিক টন চাল। এই চারটি প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব রাস্তায় টাঙানো হয়নি কোনো প্রকল্প পরিচিতি বোর্ড। প্রকল্পের চাল কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাঁশদাহ ইউপির চেয়ারম্যান মো. শহিদুজ্জামান বলেন, ‘আমি অসুস্থ থাকায় প্রকল্পের কাজ করেছেন ইউপি সদস্যরা। আমি অভিযোগের বিষয় খোঁজখবর নেব।’সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ‘ঝাউডাঙ্গা খাল কাটায় ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ওই প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দিয়েছি। তবে অন্য কাজ সম্পর্কে কেউ অভিযোগ করেনি। শ্রমিকদের চাল দেওয়ার কথা। কাজের শুরুতেই প্রকল্প পরিচিত বোর্ড টাঙানোর নিয়ম রয়েছে। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’