সাতক্ষীরায় গুড়পুকুরের মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ওই দিন সকালে পলাশপোল মনসা পূজার স্থানে পৌর মেয়র শেখ আশরাফুল হক মেলা উদ্বোধন করেন। মেলা ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলায় নানা ধরনের জিনিসের পসরা বসেছে। মেলায় এসেছে নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনমূলক খেলা। উঠেছে মেলার প্রধান আকর্ষণ গাছের চারা ও বিভিন্ন আসবাবপত্র। মেলা জমতে শুরু করেছে।জানা গেছে, প্রতি বাংলা সনের শেষ ভাদ্র হিন্দু সমপ্রদায়ের মনসা পূজা উপলক্ষে সাতক্ষীরা শহরের পলাশপোল স্কুলের উত্তর-পশ্চিম কোণের বটতলায় অনুষ্ঠিত হয় গুড়পুকুরের মেলা। এই পূজাকে কেন্দ্র করে ৩০০ বছর আগে থেকে এখানে বসে মেলা। ধর্ম-বর্ণনির্বিশেষে মেলা হয়ে ওঠে সাতক্ষীরাবাসীর মিলনমেলা। ব্যবসায়ীরাও বছর ধরে তৈরি করত নানা সামগ্রী। একসময় কলকাতা ও লন্ডন থেকে ব্যবসায়ীরা আসত এ মেলায়।মুক্তিযোদ্ধা হাসান জাহিদ জজ ও মুক্তিযোদ্ধা ইনামুল বিশ্বাস জানান, বাঙালি সংস্কৃতির এ মেলা বন্ধের জন্য মৌলবাদীগোষ্ঠী প্রায় প্রতিবছরই সাতক্ষীরা শহরে মিছিল ও সভা-সমাবেশ করেছে। ২০০২ সালের ২৮ সেপ্টম্বর মেলা চলাকালে সন্ধ্যায় মাত্র ১১ মিনিটের ব্যবধানে সাতক্ষীরা রকসি সিনেমা হলে এবং সাতক্ষীরা স্টেডিয়ামের দি লায়ন সার্কাস প্যান্ডেলে পরপর দুটি শক্তিশালী বোমা হামলা চালানো হয়। এতে তিনজন নিহত হয়। নিরাপত্তার খোড়া অজুহাত দেখিয়ে স্থানীয় প্রশাসন ২০০৮ সাল থেকে আর মেলা বসার অনুমতি দেয়নি। সাতক্ষীরা গণশিল্পী সংস্থার সভাপতি আবদুল জলিল বলেন, ‘কয়েক শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক। মৌলবাদী গোষ্ঠীর পরিকল্পিত যড়যন্ত্রের কারণে এ মেলা সাতক্ষীরাবাসীর মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে।’ পৌর মেয়র শেখ আশরাফুল হক বলেন, ‘সাতক্ষীরার ঐতিহ্য ও সাংস্কৃতির সঙ্গে মিশে আছে গুড়পুকুরের মেলা। মেলা যাতে ঐতিহ্য ফিরে পায় সে জন্য সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে। মেলার শুরুর কমপক্ষে ১৫ দিন আগে হরেক রকমের পসরা বসায় পসারীরা। কিন্তু এবার চোখে পড়ার মতো কোনো পসরা বসানো হয়নি।’সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী খান বলেন, ‘মাসব্যাপী গুড়পুকুরের মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে জেলা প্রশাসন ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মেলা চলাকালে প্রতিদিন রাত ১০টা পর্যন্ত নিউ মার্কেটের সামনে অবস্থিত নিয়ন্ত্রণকক্ষ থেকে মেলার সার্বিক তদারকি করা হবে।’