সাতক্ষীরায় ঘোড় দৌড় প্রতিযোগিতা
সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর দক্ষিণ বিলে অনুষ্ঠিত হয়ে গেল ১৫ মে ঘোড় দৌড় প্রতিযোগিতা। নড়াইল, শ্যামনগর, ডুমুরিয়া, কয়রা, তালাসহ বিভিন্ন স্থান থেকে ১৩টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলার ঐতিহ্য প্রাচীনতম দাঁড়িয়াবাধা, হাডুডু, ফুটবল, নৌকা বাইচের পাশাপাশি ঘোড় দৌড় ও গ্রামীণ জনপদে আজও মানুষের হূদয় জুড়ে আছে। আয়োজক কমিটির প্রধান আহছানউল্লাহ মাস্টার জানান, প্রতিবছর বোরো ধান ওঠার পরই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রুপভিত্তিক বাছাইয়ের পর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম শ্যামনগরের বাকি উল্লাহ, দ্বিতীয় তালার মিলন শেখ, তৃতীয় নড়াইলের কালামুল্লাহ এবং ডুমুরিয়ার প্রিটিস চতুর্থ হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেন সাতক্ষীরার পৌর মেয়র শেখ আশরাফুল হক। আহমদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম, পৌর কাউন্সিলর আবুল কাশেম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী প্রমুখ।