সাতক্ষীরায় চালককে খুন করে মোটরসাইকেল ছিনতাই
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গোলাম রব্বানী (৪২) নামের ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালককে গুলি করে হত্যা করেছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে হত্যার পর ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। নিহতের স্বজনেরা জানায়, রব্বানীর বাড়ি উপজেলার গাজনা গ্রামে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেল নিয়ে তিনি কলারোয়া সদর থেকে যুগিখালী যাচ্ছিলেন। এ সময় রাত ১০টার দিকে মানিকখালী মোড়ে একদল ছিনতাইকারী তাঁর গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে ডান চোখে গুলি লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, গতকাল রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে।