সাতক্ষীরায় চিকিত্সকের লাশ উদ্ধার
সাতক্ষীরা শহরের আমতলা মোড়ের ভাড়া বাসা থেকে অঞ্জনা খান নামের একজন চিকিত্সকের লাশ উদ্ধার করা হয়েছে।গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অঞ্জনার লাশ উদ্ধার করা হয়। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ অলোক কুমার সরকারের স্ত্রী। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে অঞ্জনা খানের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে তাঁর লাশ স্বামী ও ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। কালীগঞ্জ উপজেলার উজিরপুর শ্মশানে তাঁর লাশ দাহ করা হয়। মৃতের ভাই সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামের মলয় কুমার খান জানান, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে ও সরকারি চাকরি না পাওয়ায় অঞ্জনা খান দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েন। গতকাল বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন। প্রতিবেশীরা জানতে পেরে ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। পরে অঞ্জনা খানকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক রুকসানা কাদির তাঁকে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সূত্র জানায়, যশোরের মনিরামপুর উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের চিকিত্সক অলোক কুমার সরকারের সঙ্গে অঞ্জনা খানের ২০০০ সালে বিয়ে হয়। অঞ্জনা খান হিসেবে সাতক্ষীরার কয়েকটি ক্লিনিকে কাজ করতেন। অঞ্জনা খান সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে আশরাফুল হকের বাড়িতে ভাড়া থাকতেন। ময়নাতদন্ত দলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ময়নাতদন্তে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে অঞ্জনা খান আত্মহত্যা করেছেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।