কলেজছাত্রী নৃত্যশিল্পীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার মামলায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নাজমুল হুদা ওরফে পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) রতন শেখ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময় পোস্ট অফিস মোড় থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পরিদর্শক রতন শেখ আরও জানান, ওই নৃত্যশিল্পীর স্বামী বৃহস্পতিবার সাতক্ষীরার বিচারিক হাকিম এস এম মাসুদ জামানের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দিতে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, মামলার অপর আসামি ছাত্রলীগ নেতা জুয়েল হাসানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হুদার বিরুদ্ধে গত বৃহস্পতিবার সদর থানায় মামলা করেন ওই নৃত্যশিল্পী। মামলার পর জুয়েল ও নাজমুলকে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাঁদের নেতৃত্বাধীন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়।মামলার এজাহারে ওই নৃত্যশিল্পী বলেন, তিনি ও তাঁর স্বামী খুলনার একটি সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে তাঁরা দুজন বুধবার সন্ধ্যায় সাতক্ষীরায় আসেন। সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর মঞ্চে তাঁরা নৃত্য পরিবেশন শেষে রাত সাড়ে ১২টার দিকে তাঁদেরকে খাওয়ানোর কথা বলে শহরের মধ্য কটিয়ায় ছাত্রলীগ নেতা নাজমুলের বাড়িতে নিয়ে যান ছাত্রলীগ নেতা জুয়েল। সেখানে নিয়ে তাঁর স্বামীকে মারধর শেষে বের করে দেন এবং নৃত্যশিল্পীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন ছাত্রলীগের ওই দুই নেতা। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে।