সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে সাতজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে একপক্ষের গুলিতে আরেক পক্ষের সাতজন গুলিবিদ্ধ হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন—শ্যামনগর উপজেলার রামজীবনপুর গ্রামের ওসমান গণি (১৬), সোহরাব হোসেন (২৭), আবদুর রহমান (২৬), একই উপজেলার দৌড়িপুর গ্রামের শাহিনুর রহমান (৩৪), মানিকপুর গ্রামের আবদুল্লাহ আল-মামুন (৩৫), হাবিবপুর গ্রামের আনোয়ার হোসেন (২৮) ও শাহিদুর রহমান (২৬)। আহত প্রথম চারজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪৬ শতক আয়তনের ওই বিরোধপূর্ণ জমি নাটোয়াবেড় গ্রামের আবদুর সাত্তারের দখলে ছিল। আদালতের আদেশ পেয়ে একই গ্রামের আবদুল গাফফার লোকজন নিয়ে আজ সকালে জমিটির দখল নিতে যায়। এ সময় আবদুর সাত্তার তাঁর নিজের বন্দুক দিয়ে গাফফারের লোকজনের ওপর গুলি চালান। এতে সাতজন গুলিবিদ্ধ হয় । কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আবদুর সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তিন রাউন্ড গুলি ও কয়েকটি গুলির খোসা উদ্ধার উদ্ধার করেছে।