সাতক্ষীরায় জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার
সাতক্ষীরায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিনজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে শহরের মাগুরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করে। আজ শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা শহরের ইটেগাছা এলাকার মনোয়ার হোসেন ওরফে উজ্জ্বল, একই এলাকার আনিসুর রহমান ওরফে খোকন এবং খড়িবিলা এলাকার আসাদুল ইসলাম।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান আলী খানের দাবি, ১৫ থেকে ২০ জন জেএমবি সদস্য মাগুরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় উজ্জ্বল, খোকন ও আসাদুলকে পুলিশ গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেছে।