সাতক্ষীরায় তরুণীর ‘মৃত’ স্বামী গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় এক তরুণীর ‘মৃত’ স্বামী মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার শ্রীপুর এলাকা থেকে আজ মঙ্গলবার তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।পুলিশ সূত্র জানায়, স্ত্রীকে নিতে এসেছিলেন রুহুল আমিন। তিনি ভারতের উত্তর চব্বিশপরগনার বশিরহাট মহকুমার টাকি এলাকায় অবস্থান করছিলেন। এর আগে রুহুল আমিনকে হত্যা ও গুম করার অভিযোগে স্ত্রী শাহানারা ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে একটি মামলা হয়। রুহুল আমিনের বাবা মতিয়ার রহমান চলতি বছরের ১ জানুয়ারি এ মামলা করেন।শাহানারা খাতুন বলেন, কয়েক দিন আগে ভারত থেকে তাঁকে ফোন করেন রুহুল আমিন। তখন রাগারাগি না করে তিনি স্বামীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। আলাপচারিতার একপর্যায়ে রুহুল আমিন নিজের অবস্থান জানিয়ে স্ত্রীকে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। শাহানারা এতে রাজি হলে সীমান্ত পেরিয়ে তাঁকে নিতে আসেন রুহুল আমিন।সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) রতন শেখ জানান, সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের রুহুল আমিনের সঙ্গে শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের জয়নাল সরদারের মেয়ে শাহানারা খাতুনের বিয়ে হয় ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি। বিয়ের এক বছর পর যৌতুকের দাবিতে শাহানারার ওপর নির্যাতন শুরু করেন রুহুল আমিন। এতে শাহানারা অতিষ্ঠ হয়ে সাতক্ষীরার প্রধান বিচারিক হাকিম আদালতে ২০০৯ সালের মার্চে একটি মামলা করেন। ওই মামলায় স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনকে আসামি করা হয়। এ ছাড়া সদর পারিবারিক বিচারক আদালতে গত বছরের নভেম্বরে একই অভিযোগে আরেকটি মামলা করেন শাহানারা। অন্যদিকে ছেলে রুহুল আমিনকে ভারতে পাঠিয়ে শাহনারা ও তাঁর মা-বাবাকে আসামি করে হত্যা ও লাশ গুমের অভিযোগে একটি সাজানো মামলা করেন শাহানারার শ্বশুর মতিয়ার রহমান।রুহুল আমিনকে বর্তমানে থানাহাজতে রাখা হয়েছে। মামলার বিষয়ে কিছু জানা নেই, উল্লেখ করে তিনি বলেন, কাজ করতে তিনি ভারতে গিয়েছিলেন। মা-বাবার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, শাহানারার বুদ্ধিমত্তার কারণে বড় ধরনের সমস্যা থেকে রক্ষা পেয়েছেন তিনি ও তাঁর মা-বাবা। এ মামলায় তাঁদের সাজা হতে পারত।