সাতক্ষীরায় তিন শিবিরকর্মী গ্রেপ্তার, খুলনায় আটক ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী ফারুক হোসেনের হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সাতক্ষীরা থেকে গতকাল সোমবার দিবাগত রাত তিনটায় তিনজন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে। এদিকে গতকাল রাতে খুলনা মহানগরের পাঁচ থানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২১ জন শিবিরকর্মীকে আটক করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুরে নিজ বাড়ি থেকে আমিরুলকে গ্রেপ্তার করা হয়। আমিরুল প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আমিরুল এ মামলার এজাহারভুক্ত আসামি। বাকি দুজনকে শ্রীরামপুর ও জালালাবাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র জামাল হোসেন (২২) ও স্থানীয় আবু সায়িদ (২৫)। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার সঙ্গে জড়িত ৫৪ জন শিবিরকর্মীর তালিকা গতকাল সব জেলার পুলিশ সুপারদের (এসপি) কাছে পাঠানো হয়েছে। এরই অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সারা দেশে শিবিরের কর্মীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের অংশ হিসেবে গত রাতে খুলনা থেকে সন্দেহভাজন ৫০ জনকে পুলিশ আটক করে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে ২১ জনকে শিবির কর্মী হিসেবে পুলিশ সনাক্ত করে। বাকিদের ছেড়ে দেওয়া হয়।খুলনা মহানগর জামায়াতের আমির গোলাম পরওয়ার বলেন, আটক ব্যক্তিদের বেশির ভাগই সাধারণ ছাত্র। এর মধ্যে সাতজন শিবিরের কর্মীও আছে।