সাতক্ষীরায় দ্বিতীয় দিনে আরও ছয়জনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ৭ নীলডুমুর ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের ঘটনার মামলা চলাকালে গতকাল মঙ্গলবার আরও ছয়জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে গত দুই দিনে সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হলো। আজ বুধবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে।সাক্ষ্য দিতে গিয়ে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী মাধ্যমিক ফরেস্ট বিদ্যালয়ের শিক্ষক বশির আহমেদ গতকাল আদালতকে বলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনা স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও হার মানায়। তারা বেসামরিক মানুষের ওপর নির্যাতন চালায়। আমি একজন আদর্শ শিক্ষক হওয়ার পরও তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা পাইনি। এখনো সেদিনের কথা মনে পড়লে ভয়ে আতঙ্কিত হয়ে উঠি।’বশির আহমেদ ছাড়াও সাক্ষ্য দিয়েছেন ৭ রাইফেলস ব্যাটালিয়নের নায়েক মোহাম্মদ শহিদুল ইসলাম, হাবিলদার মো. দেলোয়ার হোসেন, হাবিলদার মশিয়ূর রহমান, ল্যান্স নায়েক নিয়ামুল হক ও নায়েক মোহাম্মদ মহব্বত।সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১ এর চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয় গতকাল সকাল সাড়ে নয়টায়। আদালতের সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম জানতে চান, সব আসামি উপস্থিত হয়েছেন কি না। আসামিরা উপস্থিত হয়েছেন জানানোর পর তাঁদের কোনো প্রশ্ন থাকলে করতে বলেন। এ সময় অধিকাংশ আসামি দাবি করেন, মামলার বাদী তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। এরপর আরও ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।সাক্ষ্যদানকালে ছয়জনের মধ্যে পাঁচজনই বলেন, গত ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে তত্কালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর মোহাম্মদ আরিফ অফিসের নিচতলায় বিশেষ দরবারের ব্যবস্থা করেন। তিনি সবাইকে বলেছিলেন, পিলখানার ঘটনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। তাঁর ওপর বিশ্বাস রাখলে কোনো অসুবিধা হবে না। পরদিন কয়েকজন উচ্ছৃঙ্খল জওয়ান বাঁশি বাজিয়ে ও মাইকিং করে জানায়, সেনাবাহিনী নওগাঁ ও চট্টগ্রামের বিডিআর ট্রেনিং সেন্টারসহ কয়েকটি ব্যাটালিয়নে আক্রমণ করেছে। এরই মধ্যে সাতক্ষীরা অতিক্রম করেছে তারা। সব সেনাকে অস্ত্র নিয়ে প্রস্তুত হতে বলা হয়। এতে অনেক সাধারণ সদস্য উত্তেজিত হয়ে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে অফিসার রেস্ট হাউসে গিয়ে গুলি করে ত্রাস সৃষ্টি করে। কর্মকর্তাদের খোঁজাখুঁজি করতে থাকে। তাঁদের জিনিসপত্র লুট করে উল্লাস করে। এ ছাড়া তারা গোপন বৈঠক করে পরবর্তী কর্মপন্থা ঠিক করে। এসব কর্মকাণ্ডে যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আসামিরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ সঠিক নয় বলে আদালতে দাবি করেন।তবে আদালত চলাকালে আসামি হাবিলদার আবুল কাসেম ও নায়েক মকবুল হোসেন দোষ স্বীকার করতে চাইলে আদালত তা গ্রহণ না করে বলেন, ‘অভিযোগ গঠনের দিন আপনারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। আবার এখন দোষ স্বীকার করতে চাইছেন।’ এখন দোষ স্বীকার করতে হলে তাঁদের লিখিতভাবে তা করার পরামর্শ দেন।রাজশাহীতে ৯৩ জওয়ানকে আদালতে হাজিররাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার হওয়া ৯৩ জন বিডিআর জওয়ানকে গতকাল দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে হাজির করা হয়েছে। আদালতের বিচারক এ আর মাছউদ শুনানি শেষে ২৩ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।