সাতক্ষীরায় ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭
বিরোধপূর্ণ জমির ধান কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় এক পরিবারের তিন নারীসহ সাতজন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল আটটায় সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঢেমসাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এঁরা হলেন ঢেমসাখোলা গ্রামের দলিলউদ্দিন সরদার (৬৫), তাঁর ছেলে নজরুল ইসলাম (৪৫), গোলাম মোস্তফা (৪০), কামরুল ইসলাম (৩৮), দলিলউদ্দিন সরদারের মেয়ে রুবিনা খাতুন (৪২), ছেলের বউ ময়না বেগম (৩২) ও ময়না খাতুন (২৭)।সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সাধীন দলিলউদ্দিন সরদার জানান, বড় ভাই সামছুর রহমান ১৯৯০ সালে তাঁর কাছে এক বিঘা জমি বিক্রি করেন। বর্তমান মাঠ জরিপে ওই জমি তাঁর নামে রেকর্ড হয়েছে। ওই জমি তিনি ভোগদখল করে আসছেন। দুই বছর আগে তাঁর ভাইয়ের দুই মেয়ে আলেয়া বেগম ও ফতেমা বেগম তাঁদের বাবা সামছুর রহমানের বিক্রি করা জমি থেকে চার শতক জমি দাবি করেন। এ নিয়ে তালা থানায় উপপরিদর্শক ইউসুফ আলীর উপস্থিতিতে তিনবার সালিসি বৈঠক হয়। সালিসি বৈঠকে ওই জমিতে ভাইয়ের মেয়েদের কোনো স্বত্ব নেই বলে জানিয়ে দেওয়া হয়।দলিলউদ্দিন অভিযোগ করে বলেন, আজ সকাল আটটার দিকে তাঁর ভাইয়ের ছেলে ইমাদুল হকের নেতৃত্বে আবদুর রহিম, মনসুর রহমান, আজিজুল ইসলামসহ ১৪-১৫ জন তাঁর দখলে থাকা জমিতে ধান কাটাতে শুরু করেন। বাধা দেওয়ায় দা, শাবল, লাঠি ও কাস্তে দিয়ে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আবুল কালাম আজাদ বলেন, আহত সাতজনের মধ্যে কামরুলের অবস্থা আশঙ্কাজনক।ফতেমার স্বামী ঢেবসাখোলা গ্রামের আজিজুল ইসলাম জানান, চাচা শ্বশুর দলিলউদ্দিন সরদার জোর করে তাঁর শ্বশুরের বিক্রির অতিরিক্ত চার শতক জমি দখলে রেখেছে। ওই জমি থেকে ধান কাটতে গেলে আজ উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তালা থানার উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান হামলার ঘটনায় দলিলউদ্দিন সরদারসহ সাতজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষকে ধান না কাটার জন্য বলা হয়েছে। আজ বেলা তিনটা পর্যন্ত এ নিয়ে থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি।