সাতক্ষীরায় পানির অভাবে পাট পচাতে পারছে না কৃষকেরা
সাতক্ষীরায় এবার পাট পচানো নিয়ে বিপাকে পড়ছেন কৃষকেরা। পাটের বাম্পার ফলন ও বাজার মূল্যে খুশি হলেও পানির অভাবে এখন পাট পচানো যাচ্ছে না। ভরা বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া ও পাটের আঁশ ছাড়ানোর যথেষ্ট বিকল্প ব্যবস্থা না থাকায় কৃষকদের দুর্ভাবনার শেষ নেই।সাতক্ষীরা জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সাত হাজার ৪৩৭ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূল ও গত বছর পাটের দাম অপেক্ষাকৃত বেশি থাকায় চলতি মৌসুমে জেলায় পাট চাষ হয়েছে নয় হাজার ৯৩০ হেক্টর জমিতে। অধিকাংশ জমিতে কৃষকেরা পাটের আশানুরূপ ফলনও পেয়েছেন। পাটের দাম বেশি থাকায় কৃষকেরা খুশি। কিন্তু পাট পচানো নিয়ে সমস্যায় রয়েছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে পাট কাটার ভরা মৌসুম চলছে। কিন্তু বৃষ্টি না হওয়ায় অধিকাংশ খানাখন্দ, খাল-বিল, ডোবা-নালা শুকিয়ে যাওয়ায় কৃষকেরা পাট পচাতে পারছেন না। ফলে কৃষকেরা পাট না কেটে অপেক্ষা করছেন। অনেকে পাট কেটে জমিতে ফেলে রেখেছেন। আবার অনেক কৃষক উপায় না দেখে অতিরিক্ত টাকা খরচ করে গভীর নলকূপ থেকে পানি কিনে পাট জাগ (পাচানো) দেওয়ার ব্যবস্থা করছেন। এদিকে বৃষ্টির অভাবে কৃষকেরা আমন ধান রোপণ করতে পারছে না। সদর উপজেলার তুজলপুর গ্রামের চাষি কবীর হোসেন জানান, তিনি এক বিঘা জমিতে পাট চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। পাট কাটার পর বৃষ্টির আশায় জমিতে এক সপ্তাহ ফেলে রাখেন। কিন্তু বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড রোদে পাট শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় তিনি এক প্রতিবেশীর গভীর নলকূপের মালিকের কাছ থেকে ৫০০ টাকা খরচ করে একটি ডোবা ভরাট করে পাট জাগ দিয়েছেন। একই ধরনের কথা জানান, একই গ্রামের চাষি ফারুখ হোসেনসহ অনেকে।ঝাউডাঙ্গা গ্রামের চাষি সন্তোষ ঘোষ জানান, তিনি ১২ বিঘা জমিতে পাট চাষ করেন। কিন্তু বৃষ্টি না হওয়ায় পাট কাটতে পারছেন না। আবার দেরি হলে ওই জমিতে আমন ধান করতে পারবেন না। একই এলাকার অমর ঘোষও একই ধরনের কথা বলেন।কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের আবদুল হামিদ ও হিজলদী গ্রামের আবদুর রহমান জানান, এলাকায় যাঁদের পুকুর ও ডোবায় পানি রয়েছে তাঁদের ডোবা কিম্বা পুকুরে পাট পচাতে হলে ১০ বোঝা পাটের জন্য এক বোঝা করে পাটখড়ি দিতে হচ্ছে। যার মূল্য ২০ থেকে ২৫ টাকা। কলারোয়া উপজেলার কাদপুর, জয়নগর, মুরারীকাটি, হিজলদী, ওফাপুর ও হামিদপুর গ্রামের চাষিরা জানান, তাঁরা এবার প্রতি বিঘায় গড়ে ৮ থেকে ১০ মণ করে পাট পেয়েছেন। পাট কেটে তাঁরা ভ্যান ও গরুর গাড়িতে করে দূরের খাল-বিলে জাগ দিয়ে তা ধোয়া ও শুকানোর কাজ করছেন।সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. রফিকুজ্জামান বলেন, ‘গত বছর জুলাই মাসে জেলায় বৃষ্টিপাত হয়েছিল ৬১ মিলিমিটার, এবার হয়েছে মাত্র ২১ মিলিমিটার। তবে অনেক এলাকায় বড় কৃষকেরা নিজ উদ্যোগে গভীর নলকূপ দিয়ে পানি তুলে পাট পচানোর ব্যবস্থা নিয়েছেন। এ জন্য বিদ্যুৎ বিভাগকে গভীর ও অগভীর নলকূপগুলোয় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে অনুরোধ করা হয়েছে।’