সাতক্ষীরায় পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি ও তালা উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।সাতক্ষীরার আশাশুনি উপজেলায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় আশীষ মল্লিক (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। আজ শুক্রবার সকালে উপজেলার বুধহাটায় এ ঘটনা ঘটে।আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশীষ খুলনায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি বৃহস্পতিবার রাতে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের নির্মাণাধীন ভবনের কাজ দেখার জন্য বুধহাটায় আসেন। আর আজ সকালে এলাকাবাসী স্কুলের পাশে একটি গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আশীষের মাথায় আঘাতের চিহ্ন এবং পকেটে একটি চিরকুট দেখে ধারণা করা হচ্ছে, তাঁকে কেউ হত্যা করে এখানে ঝুলিয়ে রেখেছে। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি।এদিকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে রাবেয়া খাতুন (২৭) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রাতে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের ঘোনা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাবেয়ার স্বজনদের দাবি, বৃহস্পতিবার রাত দুইটার দিকে ২৫-৩০ জন সশস্ত্র সন্ত্রাসী রোকনউদ্দিন শেখের বাড়িতে গিয়ে তাঁদের ঘুম থেকে ডেকে তুলে ১০ লাখ টাকা চাঁদা টাকা দাবি করে। অন্যথায় তাঁর চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধপূর্ণ জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়। কিন্তু রোকনউদ্দিন টাকা দিতে অপারগতা প্রকাশ এবং জমির বিষয়টি আদালতে নিষ্পত্তি হবে বলে জানালে সন্ত্রাসীরা দা দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় রোকনউদ্দিনের স্ত্রী রাবেয়া বাধা দিতে এলে সন্ত্রাসীরা তাঁকে জবাই করে হত্যা করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় নিজেদের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএম-জনযুদ্ধ) সদস্য বলে পরিচয় দেয়।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূ রাবেয়া খাতুনের শরীরে দা দিয়ে বেশ কয়েকটি আঘাতের পর জবাই করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।