সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় আজ শুক্রবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার কুকোডাঙ্গা ও নলতা চৌমুনিতে এসব দুর্ঘটনা ঘটে।নিহত শিশুর নাম রাকিব হাসান (৪)। তার বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুকোডাঙ্গা গ্রামে। আরেকজনের নাম সুজিত সরকার (৪৮)। তিনি একই উপজেলার শোলপুর গ্রামের বীরেন্দ্রনাথ সরদারের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালীগঞ্জ উপজেলার কুকোডাঙ্গায় মায়ের হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়েছিল শিশু রাকিব। হঠাত্ মায়ের হাত ছেড়ে সে দৌড়ে রাস্তার ওপর চলে যায়। এ সময় কুষ্টিয়া থেকে কালীগঞ্জগামী একটি বালুবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।এদিকে নলতা চৌমুনিতে রাস্তা পার হওয়ার সময় সুজিত সরকার নামে এক বৃদ্ধকে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফরিদউদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, থানায় অস্বাভাবিক মৃত্যুর দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।