সাতক্ষীরায় বিএনপির ৪০০ জনের নামে মামলা
মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৭৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ রোববার সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেছেন।এখন পর্যন্ত এই মামলায় বিএনপির ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান দাবি করেন, হরতালের সমর্থনে গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের নিউমার্কেট চত্বরে পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশের আট সদস্য আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।তবে সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার আলীর দাবি, হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালায়। এ সময় ছয়জন নেতা-কর্মী আহত হন। পরে ১০ জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।এদিকে আজ হরতালের মধ্যেও ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে বলে ভোমরা কাস্টমস সুপার মঞ্জুরুল হক জানিয়েছেন।