সাতক্ষীরায় বিজিবির গুলিতে নিহত ১
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে আবুল কালাম নামের একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত দুটোর দিকে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত-সংলগ্ন দাঁতভাঙা বিলে এ ঘটনা ঘটে।নিহত আবুল কালামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। সাতক্ষীরা ৩৮ বিজিবির ভোমরা ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম বলেছেন, লক্ষ্মীদাঁড়ি সীমান্তের দিক থেকে দেড় শ চোরাচালানি ফেনসিডিল নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এ সময় দাঁতভাঙা বিল এলাকায় টহলরত বিজিবির সদস্যরা তাঁদের থামতে বলেন। তিনি না থেমে তাঁদের হাতে থাকা রড, দা, ক্রিসসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বিজিবির সদস্যদের ওপর হামলা চালান। বিজিবির সদস্যরা এ সময় তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরাচালানিদের হাতে বিজিবির সদস্য মামুন আহত হন। আহত মামুন প্রথমে শূন্যে গুলি ছোড়েন। পরে চোরাচালানিদের লক্ষ্য করে আরও একটি গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হন।এদিকে নিহত আবুল কালামের মা সায়রা খাতুন জানান, তাঁর ছেলে কৃষক। সে রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) রতন শেখ বিজিবির সদস্যের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, তাঁর ডান কানের পাশের গুলি লেগেছে। নিহতের কোমরে ২৫-৩০ বোতল ফেনসিডিল বাধা ছিল। তা ছাড়া ঘটনাস্থল থেকে পাঁচটি বস্তায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুবেদার নজরুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন।