সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহ: আজ ছয়জন সাক্ষ্য দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-৭ নীলডুমুর বিডিআর ব্যাটালিয়নে বিদ্রোহ মামলায় আজ মঙ্গলবার চতুর্থ দিনের বিচারকাজ শেষ হয়েছে। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ শুরু হয়ে বিকেল সোয়া পাঁচটায় শেষ হয়। আজ ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আদালত কাল সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।এর আগে গতকাল এ মামলায় ৬০ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। মামলার বাদী সাতক্ষীরা-৭ নীলডুমুর ব্যাটালিয়নের সুবেদার মেজর এস এম সরোয়ার জাহান গতকাল আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যে সরোয়ার জাহান বলেন, গত বছরের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের পর অধিকাংশ জওয়ান হিংস্র হয়ে ওঠেন এবং ব্যাটালিয়ন এলাকায় নানা বিভ্রান্তি ছড়াতে থাকেন।বাদীর সাক্ষ্য শেষে ৩০ জন আসামি তাঁর বক্তব্যকে মিথ্যা অভিহিত করে তাঁকে নানা প্রশ্ন করেন। এ সময় কয়েকজনের প্রশ্নের উত্তরে বাদী বলেন, তিনি বিদ্রোহের সময় তাঁদের দেখেননি। তবে বিভিন্ন লোক মারফত সংবাদ নিয়ে এ মামলা দায়ের করেছেন।