সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহের বিচারে সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ৪১ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১-এ বিডিআর বিদ্রোহের বিচারকাজ আজ সোমবার তৃতীয় দিনের মতো শুরু হয়েছে। আজ সকাল ১০টায় শুরু হয়ে চলে বেলা একটা পর্যন্ত। পরে এক ঘণ্টা মুলতবি দিয়ে বেলা দুইটায় আবার বিচারকাজ শুরু হবে। বিডিআর বিদ্রোহের মামলায় ৪০ জন সাক্ষী রয়েছে। আদালতে তাঁদের সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। আদালতে এ বিচারকাজে সভাপতিত্ব করছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। আদালতে অভিযুক্ত ৬০ জন বিডিআর জওয়ানের উপস্থিতিতে ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম তাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। আদালত অভিযোগ শুনে চার্জ গঠন করেন। উল্লেখ্য, সাতক্ষীরার বিশেষ আদালতে গত ৭ ডিসেম্বর বিদ্রোহ মামলার বিচারকাজ শুরু হয়। পরদিন গ্রেপ্তারকৃত বিডিআর সদস্যদের আদালতে হাজির করে তাঁদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়। নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম ৬০ বিডিআর সদস্যের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনে শৃঙ্খলা ভঙ্গ, ভাঙচুর, লুটপাটসহ একাধিক ঘটনায় বিদ্রোহের অভিযোগ আনেন।