সাতক্ষীরায় বৃদ্ধকে জবাই
কুমড়াখেত পাহারা দেওয়ার সময় মুরারী মোহন মণ্ডল (৬২) নামের এক বৃদ্ধকে জবাই করা হয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের ওফাপুর গ্রামে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। কুমড়া চুরি করা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে বলে নিহত ব্যক্তির পরিবার অভিযোগ করে। নিহতের শ্যালক অসিম কুমার মণ্ডল জানান, গত রোববার রাতে খেত থেকে কুমড়া চুরি করার সময় প্রতিবেশী মাধব মণ্ডল ও তাঁর স্ত্রী লক্ষ্মী মণ্ডলকে ধরে ফেলেন মুরারী। মুরারী ওই দুজনকে স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের হাতে তুলে দিয়ে বিচার দাবি করেন। এর জের ধরেই তাঁকে জবাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী সন্ধ্যা রানী মণ্ডল সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।