সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে চারটি এলাকা প্লাবিত
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইছামতী নদীর পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে চারটি এলাকা প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার সুশীলগাতী নামক স্থানে ওই বাঁধ ভেঙে পড়ে। এলাকাবাসী জানায়, বেড়িবাঁধ ভেঙে ইছামতির নদীর পানিতে উপজেলার সুশীলগাতী, শিবনগর, শ্রীপুর ও দেবহাটা সদর এলাকা কমবেশি প্লাবিত হয়েছে। এসব এলাকার অর্ধশতাধিক পরিবার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছে। শতাধিক ছোট-বড় চিংড়িঘের প্লাবিত হয়েছে। বর্তমানে গ্রামবাসী ভাঙনকবলিত এলাকায় বিকল্প বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করছে।সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুর রহমান জানান, বেড়িবাঁধের পাশে অপরিকল্পিতভাবে চিংড়িঘের করায় হঠাত্ বাঁধ ধসে গেছে। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, গত ছয় মাস আগ থেকে ওই বাঁধে ভাঙন শুরু হয়। এ ব্যাপারে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রহুল হক গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের নির্দেশ দিয়েছেন।এদিকে সরেজমিনে সুশীলগাতী এলাকা ঘুরে দেখা গেছে, ইছামতীর নদীর প্রায় তিন কিলোমিটার বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। প্রবল স্রোতে ঝুঁকিপূর্ণ এ বাঁধ ভেঙে যেকোনো সময় দেবহাটা উপজেলা প্লাবিত হতে পারে।