সাতক্ষীরায় বোরো খেতে মাজরা পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার বোরো ধানখেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। ধানগাছে থোড় ও শিষ আসার মুখে মাজরা পোকার আক্রমণে কৃষকেরা হাতাশায় পড়েছেন। কীটনাশক প্রয়োগ করেও পোকার হাত থেকে ধানগাছ রক্ষা করা যাচ্ছে না।সাতক্ষীরা সদর উপজেলা কৃষি আফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ২৪ হাজার ৩১০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ বোরো ধানগাছে শিষ আসতে শুরু করেছে। আবার অনেক ধানগাছে শিষ বের হয়ে গেছে। সদর উপজেলার বিহারিনগর গ্রামের আয়ুব আলী চার বিঘা জমিতে, আনছার আলী তিন বিঘায়, ঝাউডাঙ্গা গ্রামের সন্তোস ঘোষ ১২ বিঘায়, অমরেন্দ্র ঘোষ পাঁচ বিঘায়, তুজলপুর গ্রামের আবদুল হাকিম তিন বিঘায় এবং রেউই গ্রামের মোশারফ হোসেন তিন বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। তাঁরা জানান, বর্তমানে কোনো খেতের থোড় ও কোনো খেতে শিষ বের হওয়া শুরু হয়েছে। এ সময় তাঁদের খেতে দেখা দিয়েছে মাজরা পোকার উপদ্রপ। মাজরা পোকা ধানগাছের ভেতরে ঢুকে গাছের মাজা থেকে কেটে দিচ্ছে। এক-দুই দিন পর লাল হয়ে ধানগাছ মরে যাচ্ছে। এ সময় খেতে মাজরা পোকা হানা দেওয়ায় কৃষকদের মধ্যে হতাশা নেমে এসেছে।সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার রায় সাংবাদিকদের জানান, তিনি মাজরা পোকার আক্রমণের কথা জেনেছেন। পোকা দমনে তাঁরা ইতিমধ্যে বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকদের সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া যে খেতে মাজরা পোকা দেখা দেবে, সেই খেতে গাছের ডাল পুতে দিতে হবে। কেননা বেশি বেশি পাখি বসলে মাজরা পোকা কমে যাবে।