সাতক্ষীরায় ব্রজপাত ও দেয়াল ধসে ছয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা সদর, তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলায় আজ শনিবার সকালে বজ্রপাতে দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া ঘরের দেয়াল ধসে চাপা পড়ে নিহত হয়েছেন আরও এক নারী।নিহত ব্যক্তিরা হলেন আবদুল হান্নান (২৫), জব্বার মোড়ল (৪৫), নাজমুল হোসেন (২৫), ঠাকুর দাসী (৪০), রণজিতা খাতুন (৩৫) ও ফরিদা পারভিন (৪০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গতকাল সকাল নয়টার দিকে দেবহাটা উপজেলার নোড়ার চারকুনি গ্রামে কয়েকজন শ্রমিক মাটি কাটার কাজ করছিলেন। এ সময় ঝড় শুরু হলে বজ্রপাতে দেবহাটা উপজেলার চিনেডাঙ্গা গ্রামের নাজমুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১০ শ্রমিক। আহত শ্রমিকদের সাতক্ষীরা সদর হাসপাতালে ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই সময় একই উপজেলার নাজিরের ঘের গ্রামের ঠাকুর দাসী বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে নিহত হন।আশাশুনি উপজেলার বেউল্যা গ্রামে ঝড় ও বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় ব্রজপাতে রণজিতা খাতুনের মৃত্যু হয়। এ ছাড়া খেত থেকে কাটা ধান তোলার সময় ব্রজপাতে মৃত্যু হয় তালা উপজেলার চমরখালী গ্রামের কৃষক জব্বার মোড়লের (৪৫)।প্রায় একই সময় ঝড়ের মধ্যে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সদর উপজেলার দেবনগর গ্রামের আবদুল হান্নানের মৃত্যু হয়।এদিকে দেবহাটা উপজেলার নোড়ার চারকুনি গ্রামে একটি মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে ফরিদা পারভিন নামে এক নারী নিহত হন।সাতক্ষীরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান প্রথম আলো ডট কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।