সাতক্ষীরায় মাটিকাটা নিয়ে বিরোধের জেরে একজন নিহত, গ্রেপ্তার ২
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুকুরের মাটিকাটা নিয়ে বিরোধের জের ধরে হবি মোল্যা (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বৈউলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, যৌথ মালিকানাধীন পুকুর থেকে হবি মোল্যা ও তাঁর ভাই কবীর মোল্যা মাটি কাটছিলেন। এতে আপত্তি করেন তাঁদের চাচা দাউদ মোল্যা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা দাউদ মোল্যার নেতৃত্বে ছয় থেকে সাতজনের একটি দল হবি ও কবীরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। লাঠির আঘাতে ঘটনাস্থলেই হবির মৃত্যু হয়। আহত হন তাঁর ভাই কবীর।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহত হবির স্ত্রী সখিনা খাতুন ছয়জনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হবির চাচি ও চাচাতো বোনকে গ্রেপ্তার করা হয়েছে।