সাতক্ষীরায় সাঈদী মুক্তি মঞ্চের সংগঠক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে গঠিত সাঈদী মুক্তি মঞ্চের সংগঠক নজিবর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার বেলা তিনটার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের সামনে থেকে নজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি আশাশুনি উপজেলার প্রতাপনগর এপিএস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও জামায়াতের রুকন।সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোশাররফ হোসেন জানান, নজিবর রহমান জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে সাঈদী মুক্তি মঞ্চ নামে একটি সংগঠন গড়ে তোলেন। ওই সংগঠনের নামে তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে সরকারি গাছ কেটে সড়ক অবরোধ করেন। পাশাপাশি সড়ক কেটে তিনি প্রতাপনগরের সঙ্গে আশাশুনি উপজেলা সদর ও সাতক্ষীরা জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে গত ৭ মার্চ প্রতাপনগরের তালতলায় সাঈদী মুক্তি মঞ্চ তৈরি করে সাঈদীর মুক্তির দাবিতে লাগাতার প্রতিবাদ সমাবেশ শুরু করেন। ১৩ মার্চ পুলিশের বাধার মুখে সাঈদী মুক্তি মঞ্চ সরিয়ে দেওয়া হয়। পরে তাঁরা স্থানীয় সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেন। সে সময় প্রতাপনগর ইউনিয়ন পরিষদও ভাঙচুর করা হয়। এসব অভিযোগে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।তবে নজিবর রহমান দাবি করেছেন, তিনি সাঈদী মুক্তি মঞ্চের সঙ্গে সম্পৃক্ত নন। সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, নজিবর রহমানের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারি গাছ কেটে অবরোধ সৃষ্টি, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করার অভিযোগে চারটি মামলা রয়েছে।