সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি নিহত
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি নিহত হয়েছে। আহত হয়েছে তাদের আরও দুই আত্মীয়।নিহত নানি-নাতনির নাম রাশেদা খাতুন (৫৪) ও সুমাইয়া খাতুন (৬)। সুমাইয়া প্রথম শ্রেণীর ছাত্রী।প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলার গোবিনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আজ সকাল নয়টার দিকে একটি যাত্রীবাহী বাস একটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। হতাহতেরা সবাই রিকশাভ্যানের যাত্রী। আহতদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে।দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা-যশোর সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় জনতা জানিয়েছে, কিছু দিন আগে একই সড়কে দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছিল। তাই তারা স্কুলের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছে।কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।