সাতক্ষীরায় হিজবুত তাওহিদের এক সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আদালত এলাকা থেকে মোসলেম আলী (৪১) নামের হিজবুত তাওহিদের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ‘দজ্জাল’ নামের ছয়টি বই, সংগঠনের নামে ছাপা পঞ্জিকা, প্রচারপত্র ও সিডি উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর আদালত থেকে তাঁকে আটক করা হয়।সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বেঞ্চ সহকারী আবু সাঈদ জানান, মোসলেম আলী আজ দুপুরে আদালত চলাকালীন ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁকে বাধা দিলে তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারকের সঙ্গে দেখা করে হিজবুত তাওহিদ সংগঠনের বই ও একটি পঞ্জিকা দেওয়ার কথা বলেন। একপর্যায়ে তিনি আদালতের ভেতর ঢুকে পড়লে পুলিশ তাঁকে আটক করে। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে হিজবুত তাওহিদের প্রধান বায়েজিদ খান পন্নীর লেখা ইহুদি-খ্রিষ্টান সভ্যতাবিষয়ক ‘দজ্জাল’ নামের ছয়টি বই, সংগঠনের ছয়টি পঞ্জিকা, ৫০টি প্রচারপত্র, একটি সিডি উদ্ধার করা হয়।আটক মোসলেম আলী দাবি করেন, তিনি হিজবুত তাওহিদ সংগঠনের একজন সদস্য। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মোজাম্মেল হকের নির্দেশে সংগঠনের বই, পঞ্জিকা ও প্রচারপত্র সাতক্ষীরা আদালতের বিচারক ও সরকারি কৌঁসুলিদের দেওয়ার জন্য তিনি আদালতে এসেছিলেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর থানার উপপরিদর্শক বোরহান-উল-ইসলাম বাদী হয়ে মোসলেম আলীর নামে একটি মামলা করেছেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তাঁকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।উল্লেখ্য, মোসলেম আলী সাতক্ষীরার দেবহাটা উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা।