১৯৭১ সালে পাঁচ মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১০ জন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মাসুদুজ্জামানের আদালতে আজ বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিরা হলেন ওমর আলী, আবু তালেব, মো. রাজাউল্লাহ, মেহের আলী, জমির আলী, ইয়াদ আলী, সামসুজ্জামান হামিদি, আবদুর রহিম, নূর ইসলাম ও আবু বকর। ১৯৭১ সালের ১৭ মে আসামিরা সাতক্ষীরা ৯ নম্বর সেক্টরের পাঁচ মুক্তিযোদ্ধা মুন্সি মহসিন, সুভাষ চন্দ্র, শিশির চন্দ্র, মনোরঞ্জন ও সাহেব আলীকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। সেই দিন ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ওই মুক্তিযোদ্ধারা সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় আসেন। দুপুরের দিকে তাঁরা কলারোয়া উচ্চবিদ্যালয়ের ফুটবল মাঠের পাশের দোকানে খাবার কিনতে যায়। এ সময় যুদ্ধাপরাধীরা তাঁদের আটক করে। পরে তাঁদের জীবন্ত কবর দেওয়া হয়। গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ফোকড়া গ্রামের মুন্সি ফায়েকুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আদালত কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।