সাতক্ষীরায় ১৪৪ ধারা জারি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একই স্থানে একই সময় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ বৃহস্পতিবার ভোর থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার পারুলিয়া বাজার, পারুলিয়া ইউনিয়ন পরিষদ ও মিলনায়তন এলাকায় এ আদেশ বহাল থাকবে।দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানান, ২০০২ সালে প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার আসামি জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলামের পারুলিয়ায় আগমন প্রতিহত করতে গতকাল বুধবার রাতে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ। সমাবেশে আজ সকাল ১০টায় পারুলিয়া মিলনায়তনে পুনরায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন তাঁরা। এদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় একই মিলনায়তনে সাতক্ষীরা জেলা বিএনপির পূর্বঘোষিত একটি স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুটি সমাবেশ একই স্থানে ও একই সময়ে অনুষ্ঠিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এই আশঙ্কায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আজ ভোরে তা মাইকযোগে প্রচার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা ইউএনও সাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।