সাতক্ষীরা ৭ নীলডুমুর ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় ১৬ জন আসামি লিখিতভাবে আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। গতকাল বুধবার সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১ চলাকালে তাঁরা দোষ স্বীকার করেন। এদিকে গতকাল আরও তিনজনের সাক্ষ্য আদালত গ্রহণ করেছেন। এ নিয়ে গত তিন দিনে ১০ জনের সাক্ষ্য নেওয়া হলো। আজ বৃহস্পতিবার পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে।সাতক্ষীরা ৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ৬০ জন আসামির মধ্যে গতকাল যে ১৬ জন ক্ষমা চেয়েছেন, তাঁদের মধ্যে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।যাঁরা দোষ স্বীকার করেছেন, তাঁরা হলেন নায়েব সুবেদার মো. আকমল হোসেন, হাবিলদার মো. আব্দুল বাতেন, হাবিলদার মো. তাহমিদ উদ্দিন, হাবিলদার মো. গোলাম মাসুদ, হাবিলদার মো. আবু খাজা, হাবিলদার মো. জাহাঙ্গীর আলম, হাবিলদার আবুল কাসেম, নায়েক মো. মকবুল হোসেন, নায়েক মো. আব্দুর রহিম, ল্যান্স নায়েক মো. মিনহাজ উদ্দিন, সিপাই মো. জিয়াউর রহমান, সিপাই মো. জাহিদুল ইসলাম, সিপাই মো. আনোয়ার হোসেন, সিপাই মো. নূর হোসেন, সিপাই মো. মোস্তফা ছগির ও সিপাই মো. ইউসুফ নূর।আদালতে দোষ স্বীকার করে আসামিরা পৃথক আবেদনে উল্লেখ করেছেন যে তাঁরা ১৮ জানুয়ারি অভিযোগ গঠনের পর নিজেদের নির্দোষ দাবি করেছিলেন। কিন্তু বাদীপক্ষে সাক্ষ্য চলাকালে তাঁরা বুঝতে পেরেছেন যে উল্লেখিত কর্মকাণ্ডের জন্য দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা উচিত। অন্যের দ্বারা প্ররোচিত ও লোভের বশবর্তী হয়ে এবং সুশৃঙ্খল বাহিনীর সদস্য হয়েও তাঁরা অপরাধ করেছেন বলে স্বীকার করেন। তাঁদের অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে আকুতি জানান।আদালত আবেদন গ্রহণ করে বলেন, অভিযোগ গঠনের আগে দোষ স্বীকার করলে ভালো হতো। তবে আসামিদের মধ্যে যে কেউ আদালত চলাকালে দোষ স্বীকার করতে পারেন। যাঁরা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন, তাঁদের আবেদন যথাসময়ে সুবিবেচনায় নেওয়া হবে। আদালত পরে ৭ নীলডুমুর ব্যাটালিয়নের তত্কালীন অধিনায়ক লে. কর্নেল আমীর মোহম্মাদ আরিফের সাক্ষ্য নেন। তিনি বিডিআর বিদ্রোহের হূদয়স্পর্শী কাহিনী তুলে ধরে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ ছাড়া ৭ নীলডুমুর ব্যাটালিয়নের তত্কালীন উপ-অধিনায়ক মেজর রিয়াজুল ইসলাম খান ও সিপাই আতিকুর রহমানের সাক্ষ্য নেন আদালত।জবানবন্দি প্রত্যাহারের আবেদন নথিভুক্তআমদের আদালত প্রতিবেদক জানান, পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলায় ল্যান্স নায়েক জাহাঙ্গীর আলমসহ আরও ৮০ জন জওয়ানের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন নথিভুক্ত করেছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম মুমিনুল হাসান প্রত্যাহারের আবেদন শুনানি শেষে তা নথিভুক্ত করার আদেশ দেন। এ নিয়ে ১৭৭ জন জওয়ান জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলেন। গতকাল আসামি মাসুদকে আদালতে হাজির না করায় তাঁর আবেদনের ওপর শুনানি হয়নি।