বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের ১০৫ জন জওয়ানকে আজ রোববার বিশেষ আদালত-১২-এ হাজির করা হয়। সকাল ১০টায় আদালতের কার্যক্রম বসে চলে সাড়ে ১০টা পর্যন্ত।সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আযম খান। আদালত শুরু হওয়ার পর পরই আসামিদের ব্যক্তিগত পরিচয় ও খোঁজ-খবর নেন তিনি। আসামিরা যাতে প্রাপ্ত সুযোগ-সুবিধা পান, সে ব্যাপারে পদক্ষেপ নিতে আদালত মামলার প্রসিকিউটর সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েত করিমকে নির্দেশ দেন। পরে আদালত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।বিচার কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার, বিডিআরের খুলনা সেক্টরের উপ-অধিনায়ক লে. কর্নেল খালিদ হোসেন, মেজর তৌহিদুল ইসলাম ও আইনজীবী মো. সেলিম। উল্লেখ্য, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন সাতক্ষীরার ৪১ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর সদস্যরা। তাঁরা ব্যাটালিয়ন সদরে ও বাইরে ভীতিকর অবস্থা সৃষ্টি এবং লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে।