সাতক্ষীরায় ৫৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের দায়ে ৫৬ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাত বছর করে সাজা পেয়েছেন ২৪ জন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত চারজনকে বেকসুর খালাস দেন। এ ছাড়া আদালত সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন। তিনি বলেন, বিডিআরের নিজস্ব আইনে এ সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর থেকে সাজা বেসামরিক কারাগারে কার্যকর হবে। গত বছর দেশের বিভিন্ন ব্যাটালিয়নে বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালতের এটি চতুর্থ রায়। রায় ঘোষণার আগে তিনি বলেন, বিডিআরের গোয়েন্দা সংস্থার (এফএস) সদস্যরা পরিকল্পিতভাবে গুজবের মাধ্যমে বিদ্রোহ সংঘটিত করতে সহযোগিতা করেছেন।এর আগে ফেনী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পৃথক আদালতে বিডিআর বিদ্রোহের মামলায় রায় ঘোষণা করা হয়।জানা যায়, গতকাল সকাল সাড়ে সাতটায় পুলিশ ও র‌্যাবের কড়া পাহারায় সাতক্ষীরা কারাগার থেকে আসামিদের ৪১ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে আনা হয়। সেখানে বিশেষ আদালতে তাঁদের আনা হয় দুপুর সাড়ে ১২টায়। আদালতের কার্যক্রম শুরু হয় দুপুর দেড়টায়। প্রথমে আদালতে মামলার ৬০ জন আসামির উপস্থিতি নিশ্চিত করা হয়। রায় ঘোষণার আগে মেজর জেনারেল মইনুল ইসলাম বিচার-প্রক্রিয়া নিয়ে কিছুক্ষণ কথা বলেন। পরে তিনি আসামিদের রায় আলাদাভাবে পড়ে শোনান। রায় ঘোঘণার পর সংবাদ বিফ্রিংয়ে সরকারি কৌঁসুলি সাতক্ষীরা ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বদরুল আলম বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সাত বছর করে সর্বোচ্চ সাজা হয়েছে ২৪ জনের। তাঁরা হলেন সুবেদার মোহাম্মদ মাছুদুজ্জামান, নায়েক সুবেদার আবদুস ছালাম, হাবিলদার মো. শাহ আলম, মো. গোলাম মোস্তফা, মো. আবুল কালাম আজাদ, আবুল হাসান মিয়া, নায়েক মো. আবুল খায়ের, মো. হেলাল উদ্দিন, সাজেদুল ইসলাম, ল্যান্স নায়েক খোন্দকার মো. ওয়ালীউল্লাহ, মো. শরিফুল ইসলাম, সেপাই থোয়াই লাউ মারমা, আবু জাফর মোহাম্মদ ফয়েজুল আলম, মোহাম্মদ কাওছার আহম্মাদ, মো. মাকসুদ খান, মোহাম্মদ এমদাদুল হক খান, আক্তার হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. আবদুল কাদের, জসিম উদ্দিন, মো. মোশারফ হোসেন, মো. সোহাগ হোসেন, মো. মাসুদ করিম ও আবু নাসের।চারজনের পাঁচ বছর করে সাজা হয়েছে। তাঁরা হলেন নায়েক আবদুর রহিম সরকার, ল্যান্স নায়েক মেনহাজ উদ্দিন মণ্ডল, সেপাই জাহাঙ্গীর আলম ও সাইদুল ইসলাম।সাড়ে চার বছর করে সাজা হয়েছে তিনজনের। তাঁরা হলেন নায়েক সুবেদার আকমল হোসেন, সেপাই আতাউর রহমান ও আনোয়ার হোসেন। চার বছর করে সাজা হয়েছে পাঁচজনের। তাঁরা হলেন হাবিলদার আবদুল বাতেন ভুঁইয়া, সেপাই দিদারুল আলম, ইউসুফ নূর, জিয়াউর রহমান ও আবু ইউসুফ ফকির। তিনজনের তিন বছর করে সাজা হয়েছে। তাঁরা হলেন ল্যান্স নায়েক শাহাদাত্ হোসেন, সেপাই মামুন অর রশিদ ও মো. মহসিন আলী। হাবিলদার জাহাঙ্গীর হোসেন আড়াই বছর সাজা পেয়েছেন। দুই বছর করে সাজা হয়েছে চারজনের। তাঁরা হলেন ল্যান্স নায়েক আবদুস সামাদ, সেপাই মো. সুমন রহমান, আবদুল্লাহ আল মোমিন ও আশিকুর রহমান। দেড় বছর করে সাজা হয়েছে তিনজনের। তাঁরা হলেন হাবিলদার আবদুল কুদ্দুস মিঞা, আবু খাজা ও আবুল কাশেম। এক বছর এক মাস করে সাজা হয়েছে পাঁচজনের। তাঁরা হলেন হাবিলদার দেলোয়ার হোসেন, মো. ইউনুস আলী, মো. আবদুল জলিল, নায়েক এ কে এম আনিসুর রহমান ও সেপাই ইয়াকুব আলী। হাবিলদার শেখ মো. তাহমিদ উদ্দিনের ছয় মাস সাজা হয়েছে। চার মাস করে সাজ হয়েছে তিনজনের। তাঁরা হলেন হাবিলদার মো. বাবুল মিঞা, সেপাই বিনয় চন্দ্র দাস ও মো. নূর হোসেন।অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন সেপাই জাইদুল ইসলাম, গোলাম মোস্তফা সগীর, হাবিলদার মো. গোলাম মাসুদ ও নায়েক মো. মুকবুল হোসেন।গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর সমর্থনে ২৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা ৭ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সুবেদার মেজর সারোয়ার জাহান গত ৫ ডিসেম্বর মামলা করেন।রায় ঘোষণার আগে আদালতের সভাপতি বলেন, আসামিরা ব্যাটালিয়নের অস্ত্রাগার ভেঙে অস্ত্র হাতে তুলে নেয়। তারা বিডিআর কর্মকর্তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে এবং তাঁদের ধাওয়া করে। একই সঙ্গে তারা নিরীহ গ্রামবাসীদেরও মারধর করে। তারা সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করে চলাচলে বাধা সৃষ্টি করে। অস্ত্র হাতে ব্যাটালিয়নের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এসব অভিযোগের ভিত্তিতেই বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে।